পাবনায় ক্রমেই বাড়ছে হামের প্রকোপ, তিন শিশুর মৃত্যু

শেয়ার করুন

পাবনা জেলায় সংক্রামক রোগ হাম উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হামে আক্রান্ত হয়ে তাহসিন খান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট তিন শিশুর মৃত্যু ঘটল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিনের মৃত্যু হয়। সে পাবনা সদর উপজেলার দেলোয়ার হোসেন খানের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এবারের ঈদুল ফিতরের পরদিন তাহসিন হামে আক্রান্ত হলে তাকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে ভর্তি করাতে না পারায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। পরে পুনরায় তাকে এনায়েতপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর শুরুর পর থেকেই পাবনায় হামের প্রকোপ বাড়তে শুরু করে। প্রথম তিন মাসেই জেলায় ২১১ জনের শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬ জনে। এর মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছিল। সর্বশেষ এপ্রিলে আরও এক শিশুর মৃত্যু হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন করে ৩৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত ৫০ শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

(Visited 11 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *