পাবনার নয়টি উপজেলার বাজারে পবিত্র মাহে রমজান শুরু হতেই বেগুনের দাম তুঙ্গে উঠেছে। জেলার বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে একশ টাকায়, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বেগুন কেজি হিসেবে কিনতে গেলে ক্রেতাদের গুণতে হচ্ছে ১০০ টাকা পর্যন্ত।
নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, রোজা শুরু হতেই ইফতারে বেগুনের খাবার খাওয়া এখন সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, ব্যবসায়ীরা তাদের মতো দাম বাড়াচ্ছে। অন্য ক্রেতারা জানান, বেগুনের সঙ্গে শসা, লেবু ও কাঁচামরিচের দামও বাড়ছে, যা রোজা রাখা এবং সংসার চালানোকে আরও কঠিন করে তুলেছে।
কনজ্যুমারের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পাবনা জেলা সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংস্থাকে বাজার অভিযান চালিয়ে দ্রুত দাম নিয়ন্ত্রণে আনা উচিত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বেগুনসহ অন্যান্য পণ্যের বাজারে নিবিড় তদারকি চলছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, রমজানকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে। প্রশাসনের কার্যকর তদারকি না হলে সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।