তারেক খান: পাবনার নয়টি উপজেলার বাজারে রমজান শুরু হতেই নিত্যপণ্যের দাম তুঙ্গে উঠেছে। ইফতারের প্রধান উপকরণ লেবুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। জেলার বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
সরেজমিন দেখা যায়, খুচরা বাজারে মানভেদে এক হালি লেবু ৪০–৫০ টাকায় বিক্রি হলেও কেজি হিসেবে ক্রেতাদের গুণতে হচ্ছে ২০০ টাকা। ক্রেতারা অভিযোগ করছেন, রমজানকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে রাতারাতি দাম বাড়িয়েছে।
নজরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, “রোজা শুরু হতেই ইফতারে লেবুর শরবত খাওয়া এখন আমাদের জন্য অসম্ভব। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই।” অন্য ক্রেতারা জানান, শসা, বেগুন ও কাঁচামরিচের দামও বাড়ছে।
ক্যাব পাবনা জেলা সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম বলেন, “জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারকে বাজার অভিযান চালিয়ে দাম কমাতে হবে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, লেবুসহ অন্যান্য পণ্যের বাজারে নিবিড় তদারকি চলছে।
স্থানীয়রা বলছেন, রমজানকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। প্রশাসনের কার্যকর মনিটরিং না হলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।