রনি ইমরানঃ বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোকচিত্রী খালেদ হোসেন পরাগকে বরণ করে নিয়েছেন পাবনার জনতা। ২৩ মার্চ সোমবার রাতে পাবনা শহরের ঐতিহাসিক বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনার রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক অঙ্গনের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।
এর আগে পরাগের সৃজনশীলতা মেধা সততা দেশপ্রেম ও পরাগের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। পাবনা জাসাস সদর ও পৌর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ২০০৬ সালে আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচিত ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটো ডকুমেন্টেশনের বই ছবির গল্পের কারিগর পরাগ ভাই। যখন পাবনায় বিএনপি নেতাকর্মীর দুর্দশা দুঃসময় আমরা খুব কম সংখ্যক নেতাকর্মী নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি তখন খালেদ হোসেন পরাগ ভাই ছবির গল্পের মাধ্যমে শহর থেকে গ্রাম মেঠো পথে ঘরে ঘরে পৌছে দিয়েছেন। আমাদের নেতা কর্মী তরুণদের জাগিয়ে তুলেছেন জাসাস এর মাধ্যমে। দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা বলেন, শৈশব কাল থেকে পরাগের ব্যতিক্রম চিন্তাধারা মানুষকে মুগ্ধ করেছে। ক্যামেরা হাতে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লড়াই করেছে। ফুলেল শুভেচ্ছা জানিয়ে পাবনা ইয়ং জার্নালিষ্ট ফোরামের সভাপতি তারেক খান বলেন, পরাগ ভাই সর্বদাই সময়ের আগে চিন্তা করেন, তাঁর সৃজনশীল কাজের মধ্যে দিয়ে তিনি একজন দূরদর্শী মানুষ। পাবনা ইয়ং জার্নালিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক রনি ইমরান বলেন, তিনি অন্যরকম সৃজনশীল মানুষ। শত প্রতিকূলতায় সর্বদা তাকে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শত ব্যস্ততায় দায়িত্ব পালনে থেকেছেন অটুট।
জনতার বরণ অনুষ্ঠানে পাবনার মানুষের ভালোবাসায় সিক্ত খালেদ হোসেন পরাগ তার বক্তব্যে বলেন, আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন সেটা যেন রাখতে পারি। আগামীর বাংলাদেশকে সত্যিকারঅর্থেই যদি সুখী ও সমৃদ্ধশালী দেখতে চাই তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। সৎ ভাবে কাজ করতে হবে। যে সকল সৃজনশীল তরুণারা পরিবর্তনে বিশ্বাস করে তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা চেতনা অনুপ্রেরণাকর।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষকদলের আহ্বায়ক আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা শাহজাহান ও পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণেশ দাস এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর সানজিদ প্রান্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন।