তারেক খান : জাতীয় সংসদীয় আসন ৭২ (পাবনা-৫)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরকার গঠনের পূর্বেই জনগণের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে এবং খুব শিগগিরই ফ্যামিলি কার্ড জনগণের নিকট পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
সংসদ সদস্য শিমুল বিশ্বাস স্পষ্টভাবে বলেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এ কার্ডের জন্য কোনো প্রকার ফি বা অর্থ প্রদানের প্রয়োজন বা সুযোগ নেই। যদি কেউ কার্ড প্রদানের নামে অর্থ দাবি করে বা প্রতারণার চেষ্টা করে, তাহলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের নামে কেউ অর্থ দাবি করলে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। একই সঙ্গে নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
জনস্বার্থে এ বার্তাটি ব্যাপকভাবে প্রচারের জন্যও অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।