তারেক খান: পাবনা-৫ (পাবনা সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদান দেওয়াই হবে তার রাজনৈতিক জীবনের আগামী দিনের প্রধান লক্ষ্য।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে নবনির্বাচিত এই এমপি বলেন, এ বিজয় তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি পাবনার সর্বস্তরের মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি পাবনাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন জনগণ ভোটের মাধ্যমে করেছেন। তাদের অকুণ্ঠ সমর্থন ও দোয়া তাকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।
নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, জনগণের দেওয়া বিশ্বাসের আমানত রক্ষা করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। দল-মত-নির্বিশেষে সবার পাশে থেকে একটি কল্যাণমুখী ও সহনশীল সমাজ গড়ে তুলতে তিনি কাজ করবেন। প্রতিপক্ষকেও সম্মান ও মর্যাদা দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, বৈষম্য, শোষণ ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়াই তার ব্রত। সমাজে নীতি ও নৈতিকতার চর্চা জোরদার করার আহ্বানও জানান তিনি।
এ বিজয়ের মধ্য দিয়ে তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন দায়িত্ব ও অঙ্গীকার বাস্তবায়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।