রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি লোডিংয়ের পূর্ববর্তী চূড়ান্ত ধাপ হিসেবে ‘কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের আগে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি যাচাই করা হলো।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।

তিনি জানান, এই পরীক্ষার আওতায় রিয়্যাক্টর বিল্ডিংয়ের কনটেইনমেন্ট ইন্টিগ্রিটি, অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফুয়েল পুল সেফটি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমগুলোর নকশাভিত্তিক ও এক্সটেন্ডেড কন্ডিশনে কার্যকারিতা সফলভাবে যাচাই করা হয়েছে।

পরীক্ষার কারিগরি দিক ব্যাখ্যা করে ড. জাহেদুল হাসান বলেন, ‘এই পরীক্ষার মূল নীতিমালা ছিল পূর্ণ কনটেইনমেন্ট ও হাইড্রোলিক আইসোলেশন নিশ্চিত করা। পরীক্ষাকালে উচ্চ প্রবাহ হার ও দীর্ঘমেয়াদি স্প্রিংকলার অপারেশনের ফলে সৃষ্ট পানি কনটেইনমেন্টের অভ্যন্তরীণ সুরক্ষিত জোনে অনুপ্রবেশ করতে পারবে না এবং কনটেইনমেন্টের ভেতরে সঞ্চিত পানি কোনোভাবেই বাহ্যিক পরিবেশে নির্গত হবে না—এই দুটি শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।’
তিনি আরও জানান, এর মাধ্যমে কনটেইনমেন্ট ওয়াল, সিলিং জয়েন্ট, ড্রেনেজ আইসোলেশন এবং ওয়াটার-টাইট ব্যারিয়ার সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্প্রিংকলার সিস্টেম ও ইন্টারনাল ফ্লাডিং টেস্টের অংশ হিসেবে রিয়্যাক্টর হলের শীর্ষে স্থাপিত স্প্রিংকলার সিস্টেম ডিজাইন ফ্লো রেট ও নির্ধারিত চাপে টানা ১২ ঘণ্টা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ প্লাবন সৃষ্টি করা হয়, যা ‘এক্সট্রিম অ্যাক্সিডেন্ট’ ও ‘ফায়ার সাপ্রেশন কন্ডিশন’-এর বাস্তবসম্মত অনুকরণ। এই পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সময় ধরে সিস্টেমের যান্ত্রিক স্থায়িত্ব, নোজল পারফরম্যান্স, পাইপিং স্ট্রেস এবং সাপোর্ট স্ট্রাকচারের আচরণ বিশ্লেষণ করা হয়েছে।

ফুয়েল পুল সেফটি সিস্টেম যাচাই প্রসঙ্গে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কমপ্রিহেনসিভ টেস্টে স্পেন্ট ফুয়েল পুল সেফটি সিস্টেমের পানির স্তর নিয়ন্ত্রণ, তাপমাত্রা সীমা, তাপ অপসারণ ক্ষমতা এবং কুলিং সিস্টেমের ধারাবাহিক অপারেশনসহ একাধিক গুরুত্বপূর্ণ কারিগরি প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে, অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতিতেও ফুয়েল পুল নিরাপদ অপারেশনাল সীমার মধ্যে থাকে।’

এছাড়া স্বয়ংক্রিয় সেফটি সিস্টেম ও কন্ট্রোল লজিক যাচাইয়ে দেখা গেছে, সেন্সরভিত্তিক সিগন্যাল অনুযায়ী কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই স্প্রিংকলার অ্যাকচুয়েশন, ভালভ অপারেশন, অ্যালার্ম ও মনিটরিং সিস্টেম পূর্বনির্ধারিত কন্ট্রোল লজিক অনুসারে সক্রিয় হয়। এর মাধ্যমে রিডানডেন্সি ও ফল্ট-টলারেন্স নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।

ড. জাহেদুল হাসান জানান, এর আগে কোল্ড রান ও হট রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই পরীক্ষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক। আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মান ও নকশাগত চাহিদা অনুযায়ী পুরো পরীক্ষাটি সফলভাবে তদারকি করেছে নিউক্লিয়ার সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং টিম।

(Visited 5 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *