পাবনায় নারীকে ব্যবহার করে যুবককে ফাঁদে ফেলে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ: থানায় আবেদন
পাবনায় ভিডিও গ্রাফিক্সের কাজ করার প্রলোভন দেখিয়ে মো. সোলায়মান হোসেন (৩০) নামে এক যুবককে নির্জন স্থানে ডেকে নিয়ে বেধড়ক মারধর ও সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের একটি গোরস্থানের পেছনে শফিক ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে। সোলায়মান পাবনা শহরের কালাচাঁদ পাড়া মহল্লার মোঃ গোলাম মোস্তফার ছেলে।
এই ঘটনায় ভুক্তভোগী সোলায়মান হোসেন বাদী হয়ে ঊষা ওরফে তোহা ইসলাম(২০), মো. লিখন(৩০), সজিব(২০) সহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে পাবনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সোলায়মান হোসেন জানান, প্রায় ১৫ দিন আগে পাবনার চরঘোষপুর চালাক পাড়ার শরীফের মেয়ে ঊষার সাথে আমার নিজ দোকানে রিংলাইট কেনার সুবাদে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ভিডিও ও গ্রাফিক্সের কাজের কথা বলে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে আমাকে মালিগাছা গোরস্থানের সামনে ডাকা হয়। সেখানে পৌঁছালে অভিযুক্তরা আমাকে জোরপূর্বক গোরস্থানের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ডিবি স্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর হামলাকারীরা আমার সাথে থাকা নগদ ১১ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি বিকাশ নম্বরের মাধ্যমে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ঘটনা জানাজানি করলে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।

সোলায়মান আরও জানান, “আমাকে পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এই হামলা চালানো হয়েছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই অন্যায়ের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। নারী অভিযুক্তসহ সকলের ভূমিকা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।