পাবনা-৪ আসনে শান্তিপূর্ণ নির্বাচন করতে কঠোর অবস্থানে প্রশাসন

শেয়ার করুন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পাবনা জেলা প্রশাসকের মতবিনিময়, শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে যৌথবাহিনীর তল্লাশি, উপজেলা ও থানা প্রশাসনের ভোট কেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্রধারী, অপরাধী শনাক্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে তফসিল ঘোষণার পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর তল্লাশি শুরু হয়। যা নির্বাচনের আগ পর্যন্ত চলমান থাকবে।

সম্প্রতি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাবনা জেলা প্রশাসক (ডিসি) শাহেদ মোস্তফা বৈঠক করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ওই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ডিসি।

তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন হবে আগের যে-কোনো নির্বাচনের চেয়ে ব্যতিক্রম। এখানে অন্যকোনো বিভ্রান্তিকর বার্তা নেই, বার্তা একটাই নির্বাচন সম্পূর্ণরূপে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, যদি একটি কেন্দ্রেও সমস্যা দেখা দেয়, তাহলে এর দায় পুরো জেলার ওপর গিয়ে পড়বে। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এদিকে, গত রবিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ, ঈশ্বরদী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আসাদুজ্জামান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম,
বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মমিনুজ্জামান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ঈশ্বরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে অপ্রীতিকর পরিস্থিতি সামনে এলে তা মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। যৌথবাহিনী মাঠে কাজ করছে। ঈশ্বরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা সবসময় যেন ভালো থাকে সে লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান এ প্রসঙ্গে বলেন, আমাদের লক্ষ্য সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা। এক্ষেত্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। পাবনা-৪ আসনে সবার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর এবং কঠোর অবস্থানে থাকবো।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, প্রত্যেকটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ, তাই সব কেন্দ্রেই ভোটগ্রহণ সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

(Visited 10 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *