সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপরও জোর দেন। তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব। সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই একসাথে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে। ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এ সময় তাঁত শিল্পের ওপর কাজ করারও গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে সারাবিশ্বে তাঁত পণ্য ছড়িয়ে দেয়া সম্ভব। তিনি বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে চায়। এর জন্যই দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় বিএনপি। গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ধানের শীষে ভোটের মাধ্যমে জনগণ তাদের হারানো রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে এনে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অর্জিত অধিকার যেন আবার কোনো ষড়যন্ত্রে ছিনিয়ে নেওয়া না হয়। গতকাল শনিবার সিরাজগঞ্জে আয়োজিত একাধিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কসহ বিভিন্ন স্থানে এসব জনসভার আয়োজন করা হয়। তারেক রহমান আরো বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হয়। বিএনপি ছাড়া বর্তমানে দেশে অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই। মানুষ ভরসা করে তাদের ওপর, যারা বিপদের সময় পাশে থেকেছে। এই বিশ্বাস ও অভিজ্ঞতা বিএনপির মধ্যেই আছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি প্রাণও দিয়েছেন। এসব আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে শুধু সভা-সমাবেশ নয়, ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। তরুণ আগামী প্রজন্মকে দক্ষ করে তোলার বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা বিদেশে যায় তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শুধু তাই নয়, খেলাধুলায় যারা ভালো তাদের নিয়েও আগামী দিনে কাজ করবে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিপুলভোটে জয়ী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাসহ আগামী দিনের গণতন্ত্রের যাত্রাকে ফলপ্রসু করার আহবান জানান তিনি। জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিরাজগঞ্জের বিভিন্ন আসনের দলের মনোনীত প্রার্থীরা ছাড়াও বক্তব্য দেন পাবনা-৫ আসনের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পাবনা-৩ আসনের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা-২ আসনের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-১ আসনের প্রার্থী ভিপি শামসুর রহমান, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন। ভোট দেবো কিসে, ধানের শীষে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে পড়ে জনসভাস্থলের স্থানসহ পুরো এলাকা। অসংখ্য নারী পুরুষের অংশগ্রহনে জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়।
সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি : তারেক রহমান
(Visited 8 times, 1 visits today)