পাবনায় একই দিনে তিন ব্যান্ড সদস্যের রহস্যজনক মৃত্যু

শেয়ার করুন

তারেক খান: পাবনায় স্থানীয় সঙ্গীতাঙ্গন যেন রাতারাতি ঢেকে গেছে এক অদৃশ্য অন্ধকারে। একই ব্যান্ডের তিন তরুণ সদস্য—সুমন (৩৯), মামুন (৩৭) ও সানি (৩৪)—একই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাদের হঠাৎ মৃত্যু ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে রহস্য।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাঝরাত। রাত ১টার কিছু পরে একে একে তিনজনকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। কেউ বমি করছে, কারও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কারও চোখ ঝাপসা হয়ে আসছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, কিন্তু সময় যেন কারও অপেক্ষায় নেই—মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শেষ হয়ে যায় তিনটি তরতাজা জীবন।

স্থানীয় সূত্র জানা যায়, আগের দিন তিনজনই একসঙ্গে ছিলেন এবং মদ্যপান করেছিলেন। ঠিক কী পান করেছিলেন—সেটিই এখন বড় প্রশ্ন। বিষাক্ত মদ, নাকি অন্য কিছু? নাকি তাদের কেউ ভয়ংকর কিছু পান করিয়ে দিয়েছিল? সকাল থেকেই তিনজনের শরীর খারাপ হতে থাকে, আর দুপুরের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সুমন ও মামুনকে নেওয়া হয় পাবনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। সানিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসকদের সামনে এসে দাঁড়ায় এক কঠিন রহস্য—তিনজনের একই ধরনের উপসর্গ, একই সময় মৃত্যু, আর কোনও পরিবারের সহযোগিতা নেই।

পাবনা সদর থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন,
“রাত দেড়টা থেকে ভোর তিনটার মধ্যে দু’জন মারা যায়। এর মধ্যেই সুমনের পরিবার দ্রুত দাফনও করে ফেলে। এখনো কোনো অভিযোগ পাইনি।

তবে রহস্য আরও গভীর হলো যখন জানা গেল—মামুনের লাশ ময়নাতদন্তে পাঠানো হলেও সুমন ও সানির পরিবার কোনও তথ্য দিচ্ছে না।

সাঁথিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,
সানির মৃত্যুর খবর আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। পরিবার কোনো অভিযোগ করেনি। আনুষ্ঠানিক তথ্যও আমাদের কাছে নেই।

পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, পরিবারগুলো কথা বলতে চাইছে না। ঘটনার সঠিক তথ্য দেই নাই। ফলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে।

এভাবে এক ব্যান্ডদলের তিনজনের মৃত্যু—একই রাতে, একই উপসর্গে, একই পরিস্থিতিতে—একে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিচ্ছে না কেউ।
মদ্যপানজনিত মৃত্যু? নাকি আরও গভীরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?

তদন্ত না হলে রহস্যের দরজা খুলছে না—আর ততক্ষণ পর্যন্ত পাবনার সঙ্গীতাঙ্গনে রহস্যে জট পেকেই থাকবে।

(Visited 1,096 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *