পাবনায় ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুটের অভিযোগ

শেয়ার করুন

তারেক খান: পাবনা শহরে ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে এক নারীকে সম্মোহিত করে প্রায় পৌনে দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে শহরের মাছুম বাজার ও টার্মিনাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আজমুন নাহার বাণী (৫৩)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মাছুম বাজারে কেনাকাটা করার সময় আনুমানিক ২৩ বছর বয়সী এক যুবক আজমুন নাহারের কাছে সহযোগিতা চান। নিজেকে ঢাকার বাসিন্দা ও একটি মিষ্টির দোকানের কর্মচারী পরিচয় দিয়ে তিনি জানান, ১১ মাস ধরে বেতন না পাওয়ায় একটি জিনিস বিক্রি করতে এসেছেন। বিষয়টি জানাজানি হলে তাঁকে মারধর করা হতে পারে বলেও ভয় প্রকাশ করেন। প্রথমে ওই নারী সহযোগিতা করতে রাজি না হলেও কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে যুবকটির বিপদের কথা বলে তাঁকে আশ্বস্ত করেন। টার্মিনাল মোড়ের ফ্রেশ বেকারি নামের একটি দোকানে জিনিসটি বিক্রি করা যাবে বলে জানান তিনি।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে প্রথম যুবকটি পকেট থেকে একটি কাগজ বের করে ওই নারীর চোখের সামনে ধরেন। পরে ওই কাগজে ‘ডেভিলস ব্রেথ’ বা স্কোপোলামিন মেশানো ছিল বলে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ওই নারী স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে তাঁদের নির্দেশনা অনুসরণ করতে থাকেন।

তাঁকে টার্মিনাল মোড়ের বনলতার সামনে নেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি ফ্রেশ বেকারিতে গিয়ে দাড়িওয়ালা আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসেন। ওই ব্যক্তি যুবকের হাতে থাকা জিনিসটি পরীক্ষা করে ঠিক আছে বলে জানান। পরে টাকা নিয়ে আসার কথা বলে দোকানের দিকে চলে যান। এদিকে প্রথম যুবকটি ওই নারীকে নিয়ে টার্মিনালের পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ডের সামনে যান।

সেখানে কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি নিজের মানিব্যাগ ও মোবাইল ফোন প্রথম যুবকের হাতে দিয়ে টাকা আনতে যাওয়ার কথা বলেন। তখন প্রথম যুবকটি তাঁকে বিশ্বাস করতে পারছেন না জানিয়ে ওই নারীকে টাকা নিয়ে আসার অনুরোধ করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁর হাতের এক ভরি ওজনের স্বর্ণের চুড়ি ও গলার আনুমানিক ১৩ আনা ওজনের চেইন খুলে দিতে বলা হয়। তিনি গহনা দুটি খুলে তাঁদের নির্দেশনা অনুযায়ী দোকানের দিকে গেলে দোকানপক্ষ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে আগের স্থানে ফিরে এসে ওই দুই ব্যক্তিকে আর দেখতে পাননি।

পরবর্তী সময়ে অসংলগ্ন অবস্থায় বাড়ির সামনে পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। একই দিন সন্ধ্যায় একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর স্কোপোলামিনের প্রভাবের বিষয়টি নিশ্চিত করেন এবং প্রেসক্রিপশনে উল্লেখ করেন বলে অভিযোগে জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাছুম বাজার, টার্মিনাল মোড় ও সিএনজি স্ট্যান্ড এলাকায় পুলিশের সিসিটিভি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হতে পারে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনায় জড়িতদের শনাক্ত, স্বর্ণালংকার উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে পাবনা সদর থানার এ এস আই জাহাঙ্গীর বলেন, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(Visited 99 times, 3 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *