প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেলেন পাবনার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগ

শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদ হোসেন পরাগকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯–এর সর্বশেষ ধাপে বেতনসহ প্রাপ্য অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে ঘটে—এ নিয়োগ কার্যকর থাকবে।

প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয় খালেদ হোসেন পরাগ তার পেশাগত জীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সংগঠন গঠন, নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনের ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য উদ্যোগ। তার হাত ধরেই পাবনায় প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি সম্পূর্ণ স্বেচ্ছাসেবাভিত্তিতে প্রায় দুই দশক ধরে বিএনপি ও জিয়া পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করে সংরক্ষণ করে আসছেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের আলোচিত ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশনভিত্তিক বই “ছবির গল্প”। তারেক রহমানকে ঘিরে প্রচারিত নানা মিথ্যার বিপরীতে তথ্যনির্ভর উপস্থাপনার কারণে বইটি ব্যাপক প্রশংসা পায়। আওয়ামী লীগের ফ্যাসীবাদের বিরুদ্ধে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে তার আরেকটি গুরুত্বপূর্ণ ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী” প্রকাশনাটিও পাঠকমহলে আলোচিত হয়েছে। এছাড়াও ছবি ও তথ্যনির্ভর একাধিক প্রকাশনা রয়েছে তার।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনদর্শন, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ এবং গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন খালেদ হোসেন পরাগ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

(Visited 67 times, 3 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *