মুঘল সম্রাট আকবরের স্মৃতি বিজরিত চাটমোহরের শাহী মসজিদ

শেয়ার করুন

পাবনার কন্ঠ ডেস্ক : বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা পাবনার চাটমোহর উপজেলা সদরেই অবস্থিত প্রায় সাড়ে চার শত বছরের পুরোনো শাহী মসজিদ, যা ইতিহাসে পরিচিত ‘মাসুম খাঁ কাবলীর মসজিদ’ নামে। ১৫৮১ খ্রিষ্টাব্দে (৯৮৯ হিজরি) সম্রাট আকবরের সময়কালে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তার ভাই খাঁন মুহাম্মদ তুকি খান এই মসজিদটি নির্মাণ করেন।

মাসুম খাঁ ছিলেন সম্রাট আকবরের সেনাবাহিনীর পাঁচ হাজারী মনসবদার। পরে তিনি সম্রাটের ধর্মনীতি নিয়ে অসন্তুষ্ট হয়ে বাংলার বারো ভূঁইয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং চাটমোহরে নিজ রাজধানী স্থাপন করেন। এখানেই তিনি স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন।

তিন গম্বুজবিশিষ্ট এই শাহী মসজিদটি ৪৫ ফুট দীর্ঘ, ২২ ফুট প্রশস্ত এবং প্রায় ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট। ক্ষুদ্র পাতলা জাফরী ইটে নির্মিত মসজিদের দেয়াল প্রায় ৭ ফুট পুরু। পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মিহরাব, যার মধ্যবর্তীটি বৃহত্তম। দেয়ালের অলঙ্করণে প্রাচীন ভাস্কর্য শিল্পের নিদর্শন আজও চোখে পড়ে।

১৯৮০-এর দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার ও সংরক্ষণ করে, বর্তমানে এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। মসজিদের সামনে এখনো দেখা যায় কালো পাথরে খোদাই করা “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” শিলালিপি।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজসহ এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মুঘল ঐতিহ্য ও ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে মাসুম খাঁর শাহী মসজিদ আজও ইতিহাস, ঐতিহ্য ও পর্যটকদের আকর্ষণের এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

(Visited 10 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *