তারেক খান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ হওয়ার পর আজ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের শিমুল বিশ্বাস বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন পাবনা সদর ৫- আসনে ধানের শীষের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটি কেবল বিএনপির নয় বরং পাবনা সদর আসনের দল মত নির্বিশেষে নির্যাতিত-নিপীড়িত সাধারণ মানুষের প্রাথমিক বিজয়।
শিমুল বিশ্বাস বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের ওপর হওয়া জুলুম-অত্যাচারের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা দেশপ্রেমের আদর্শ্যে অনুপ্রানিত হয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশেনায় সম্বৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো। আমি পাবনাবাসীকে আশ্বস্ত করতে চাই—আপনাদের পবিত্র আমানত ‘ভোট’ রক্ষার লড়াইয়ে আমি পাশে থাকব।
আসন্ন নির্বাচনের লক্ষ্য তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “নির্বাচিত হলে পাবনা সদর আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব। পাবনার মানুষ পরিবর্তন চায়, তারা উন্নয়নের সুফল সরাসরি ভোগ করতে চায়। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, বরং সবাইকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন পাবনা গড়তে চাই।
নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের লড়াই গণতান্ত্রিক। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। বিজয়ের আগ পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাবনা শহরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।