পাবনায় ৭০২ ভোটকেন্দ্রের ২৬৯টি ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকছে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনে মোট ৭০২টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৬৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৯১টি কম ঝুঁকিপূর্ণ। বাকি ৪৩৩টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত।

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ভোটগ্রহণ উপলক্ষে পাবনা জেলায় প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১ হাজার ২০০ সদস্য, পুলিশের ২ হাজার ৩০০ সদস্য, র‌্যাবের ১২০ জন এবং আনসারের ৯ হাজার ১২৬ জন সদস্য। এছাড়া বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টহল দলও মাঠে থাকবে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল কার্যক্রম চলমান থাকবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে কাজ করবেন। সব মিলিয়ে পাবনাবাসীকে একটি সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের লক্ষ্য।

পাবনা জেলার পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন, নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, পাবনা-০১ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ৯৪টি।

পাবনা-০২ আসনে ৫ জন প্রার্থী লড়ছেন। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন এবং ভোটকেন্দ্র ১৪০টি।

পাবনা-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৭৬টি।

পাবনা-০৪ আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন এবং ভোটকেন্দ্র ১২৯টি।

পাবনা-০৫ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৬৩টি।

(Visited 187 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *