পাবনা জেনারেল হাসপাতালে টেন্ডার জমা দিতে বাধা, ঠিকাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

শেয়ার করুন

পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি সরকারি কাজের টেন্ডার জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন এক ঠিকাদার। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বাধীন বাংলা ট্রেডার্সের প্রতিনিধি ও ঠিকাদার এফ এম আবুজর মঙ্গলবার (১০ মার্চ) সকালে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি সরকারি কাজের টেন্ডার জমা দিতে প্রয়োজনীয় কাগজপত্র ও শ্যাম্পলকৃত মালামাল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে যান।

এ সময় সেখানে আগে থেকেই অবস্থান করা স্থানীয় বাবু, মিরাজ, নাদিম ও শাহীনসহ ৭-৮ জনের একটি দল তাকে টেন্ডার জমা দিতে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তারা তাকে ঘিরে ধরে অশালীন ভাষায় গালাগালি করে এবং হাতে থাকা কাগজপত্র ও মালামাল কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঠিকাদার এফ এম আবুজর জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ কাজের সঙ্গে জড়িত। নিয়ম অনুযায়ী টেন্ডারে অংশ নিতে হাসপাতালে গেলেও একটি সংঘবদ্ধ চক্র তাকে বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(Visited 108 times, 12 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *