পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশ পাহারায় রাত কাটানোর সহযোগিতা চাইতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়েছেন এক প্রতারক। তার কাছ থেকে দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি ভুয়া জেলা ও দায়রা জজের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।