তারেক খান: পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পাবনার ঐতিহ্যবাহী জিলা স্কুলের বাগানে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে এই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য রোধে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান জরুরি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তবে একই সঙ্গে অপতথ্যের বিস্তার রোধে কার্যকর রেগুলেশন ও দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করাও প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশের ফলে তথ্যের সংজ্ঞা ও পরিধিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এখনো যুগোপযোগী আইন ও কাঠামো তৈরি করা হয়নি।
মন্ত্রণালয়কে আধুনিকায়নের প্রত্যয় ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অবগত রয়েছেন এবং খুব দ্রুতই সময়োপযোগী পরিবর্তন আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
মাননীয় প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও ইয়াং জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক পাভেল মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সহ সকল শিক্ষক বৃন্দ, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুর রায়হান নয়ন
এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সাংবাদিক রবিউল রনি, তমাল তরু, রেজা নাবিল,আদনান, তানভীর ইসলাম শালুক, তুহিন আব্দুল্লাহ, রাসেদ, হামজা সহ একঝাঁক তরুণ সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে গাছের চারা দিয়ে সহযোগিতা করেন পরিবেশ ও জলবায়ু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম কামাল।