পাবনায় ডিবির অভিযান: গোয়ালঘরের গোবরের বস্তায় লুকানো বার্মিজ ওয়ান শুটার উদ্ধার

শেয়ার করুন

তারেক খান: পাবনার সদর থানাধীন চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে নির্মাণাধীন একটি টিনশেড গোয়ালঘরে অভিযান চালিয়ে গোবরের ঘষির বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছূফি উল্লাহ’র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।

এর আগে পাবনা থানার মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, অস্ত্র আইনে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬), পিতা-মৃত আবুল হোসেনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তদন্ত করছে।

তদন্তের স্বার্থে জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে সুখচর গ্রামে অবস্থিত তার নির্মাণাধীন গোয়ালঘরে অভিযান চালায় ডিবি পুলিশ।

অভিযানকালে গোয়ালঘরের ভেতরে গোবরের ঘষির বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত। অত্যন্ত গোপন ও কৌশলী উপায়ে তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান চালাচ্ছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অস্ত্রবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

(Visited 87 times, 16 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *