খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে: রেল সচিব

শেয়ার করুন

শিগগিরই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন। শুক্রবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের খয়ের চরে আয়োজিত এক সুধি সমাবেশে এ তথ্য জানান তিনি।

এর আগে, বেড়া উপজেলার খয়ের চর, ঢালারচর, কাজীরহাট এলাকায় সরেজমিন পরির্দশন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া, পাবনা-২ আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ দুই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালুসহ জ্বালানি ব্যয় ও সময় হ্রাস এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজিরহাট এলাকায় অবস্থিত ফেরিঘাট-খয়ের চরে চালু করা দাবিসহ সংশ্লিষ্ট অনান্য সংযোগ সড়ক চালুর প্রস্তাব করেন। একই সঙ্গে ঢালার চর থেকে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযুক্ত করার জন্য ঢালারচর-রাজবাড়ী রেলসেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইসহ বেশ কয়েকটি প্রস্তাবিত প্রকল্পস্থল সরেজমিন পরির্দশন করে কতৃপক্ষ।

পরে দুই সচিব সাংবাদিকদের জানান, প্রকল্পস্থল সরেজমিন পরিদর্শন করে তাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। মানুষের দাবি এবং তাদের অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণী মহলে জানানো হবে। তবে এখানে অনেক আশার আলো রয়েছে বলে জানান তারা।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগে পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের মধ্যে সেই প্রতিশ্রুতি এলাকার মানুষ মনে রেখে এখনও আশায় বুক বেধে আছে। আমরা মানুষের প্রত্যাশার কথা সরকারের কাছে তুলে ধরতে এই সরেজমিন পরির্দশনের অনুরোধ করেছি। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের মনের কথা বুঝে কর্তৃপক্ষের কাছে তাদের সম্ভাবনাময় প্রস্তাবনার কথা তুলে ধরবেন। আশা করি, এ সকল উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।

(Visited 29 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *