পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন। তিনি বলেন, “রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক, তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পাবনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, “তদন্ত কর্মকর্তা আমাকে ফোনে চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন। এখনো কপি হাতে পাইনি, পেলে বিস্তারিত জানা যাবে।”

এ মামলার এজাহারে ১০৩ জনের নাম ছিল। তদন্তে আরও ৩৪ জনকে যুক্ত করা হয়, আর স্বাভাবিক মৃত্যু হওয়ায় একজনকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৪ আগস্ট শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হয়।

ঘটনার ছয় দিন পর, ১০ আগস্ট নিহত জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আবু সাঈদ চেয়ারম্যান ছাড়াও সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে আসামি করা হয়।

দীর্ঘ তদন্তের পর প্রায় এক বছর পর এই মামলায় চার্জশিট দাখিল করা হলো।

(Visited 693 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *