পাবনায় ছাত্র হত্যা মামলা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

শেয়ার করুন

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদসহ আরও অনেকে।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা এ চার্জশিট আদালতে দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা জানান, তদন্ত শেষে প্রাপ্ত সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মোট ১৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, “তদন্ত কর্মকর্তা মঙ্গলবার রাতে চার্জশিট দাখিল করেছেন বলে আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনো চার্জশিটের অনুলিপি হাতে পাইনি। প্রাথমিক এজাহারে থাকা কারও নাম বাদ দেওয়া হয়নি, বরং আরও ৩৪ জনকে নতুন করে আসামি করা হয়েছে বলে জানা গেছে।”

মামলার এজাহারে শুরুতে ১০৩ জনের নাম ছিল। তদন্তে তাদের মধ্যে একজনের স্বাভাবিক মৃত্যু হওয়ায় বাদ দেওয়া হয় এবং নতুন করে ৩৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় নিহত হন। ঘটনার ছয় দিন পর, ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।

(Visited 26 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *