সাঁথিয়া হানাদারমুক্ত দিবস আজ

শেয়ার করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় আজ ৯ ডিসেম্বর পালিত হচ্ছে হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের দখলদারিত্ব ও নৃশংস হত্যাযজ্ঞের পর শত্রুমুক্ত হয় সাঁথিয়া। বিজয়ের পতাকা হাতে মুক্তিযোদ্ধারা এদিন উল্লাসে মুখরিত করেন পুরো উপজেলা।

মুক্তিযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকবাহিনী মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে সাঁথিয়ার বহু স্থানে গণহত্যা চালায়। ১৯ এপ্রিল ডাববাগান এলাকায় (বর্তমান শহীদ নগর), ১৪ মে ধুলাউড়ির বাউশগাড়ি গ্রামে এবং ২৭ নভেম্বর ধুলাউড়ির ফকিরবাড়ি এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়।

৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সাঁথিয়ায় প্রবেশের তিনটি গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট বোমা মেরে ধ্বংস করে দেয়, যাতে পাক সেনারা গাড়িবহর নিয়ে আর প্রবেশ করতে না পারে। ব্রিজের নিচে বাঙ্কার তৈরি করে মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। তাদের লাগাতার আক্রমণে পাকবাহিনী ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি ফেলে পিছু হটতে বাধ্য হয়।

৮ ডিসেম্বরও সাঁথিয়ায় প্রবেশের চেষ্টা করলে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে আবারও পিছু হটে পাক সেনারা। অবশেষে ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুরো সাঁথিয়া দখলে নেন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐদিনের পর থেকে আর কখনো পাক সেনারা সাঁথিয়ায় প্রবেশ করতে পারেনি।

ঐতিহাসিক এই দিনটির স্মরণে প্রতি বছর সাঁথিয়াবাসী ৯ ডিসেম্বরকে হানাদারমুক্ত দিবস হিসেবে পালন করে আসছে।

(Visited 6 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *