পাবনার কণ্ঠ ডেস্ক: পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৬০ দিনে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯৭১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পাবনাকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
বুধবার (৮ জুলাই) পাবনা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘আজকের একটি সচেতন সিদ্ধান্ত, আগামীর একটি মাদকমুক্ত প্রজন্ম’—এই প্রত্যয়কে সামনে রেখে জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিশেষ অভিযান পরিচালনা করছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ৯৭১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, শুধু আইনগত ব্যবস্থা গ্রহণই পুলিশের একমাত্র লক্ষ্য নয়; একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও প্রয়োজন।
তিনি বলেন, মাদক ও অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পাবনাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান আগামীতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।