পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পাবনার সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাসংবলিত একটি স্থানে একজন নারীকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাজানো ভিডিও ধারণ এবং পরবর্তী সময়ে তা ব্যবহার করে অপপ্রচার চালানোর ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক পাভেল মৃধার সঞ্চালনায় এবং ক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একজন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও সাজানো তথ্য প্রচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
তারা এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।