চাটমোহরে চুরির অপবাদে কিশোরী নির্যাতনের পর আত্মহত্যা, আটক ১

শেয়ার করুন

পাবনার চাটমোহরে চুরির অপবাদ দিয়ে মারধর ও খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগের পর ১৪ বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী শ্রাবন্তী খাতুন ওই গ্রামের দিনমজুর আলতাব হাসানের মেয়ে।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন শ্রাবন্তী। ঘটনার দিন সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে গেলে তাকে সন্দেহ করা হয়। এরপর হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে বেঁধে বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয় এবং টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালানো হয়। এ সময় ঘটনাটির ভিডিও স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ধারণ করেন বলেও জানা গেছে।

পরিবারের দাবি, অপমান ও মানসিক যন্ত্রণায় ভুগে শ্রাবন্তী বাড়ি ফিরে সবার অগোচরে নিজ ঘরের ডাবরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সময় নিহতের বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আলতাব হাসান বাদী হয়ে হান্নান মোল্লা, তার স্ত্রী রুবিয়া খাতুনসহ আরও দুইজনকে আসামি করে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হান্নান মোল্লা (৪৫)-কে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

নিহতের মামা সিফাত হাসান বলেন, “একটি সামান্য টাকার জন্য একটি শিশুকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এই অপমান সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

(Visited 27 times, 27 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *