তারেক খান: পাবনা পৌরসভার বিভিন্ন সড়ক, মোড় ও জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পচা বর্জ্য থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একই সঙ্গে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ দিন দিন বড় হচ্ছে। বিশেষ করে জনবহুল এলাকায় জমে থাকা বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পাবনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল ইসলাম বলেন, “আমার জানামতে কোথাও তেমন কোনো বর্জ্য জমে নেই। তবে কোথাও বর্জ্য জমে থাকলে কেউ আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রশাসনের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা। তাদের দাবি, শহরের বিভিন্ন এলাকায় বর্জ্যের স্তূপ দৃশ্যমান হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের অভাব রয়েছে।
এদিকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই শহরের বিভিন্ন স্থানের বর্জ্যের ছবি ও ভিডিও প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, নিয়মিত বর্জ্য অপসারণ, কার্যকর মনিটরিং এবং নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা না হলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে।