তারেক খান: পাবনার ঈশ্বরদীতে ১টি ওয়ান শ্যুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রব ওরফে আব্দুল্লাহ (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রব ওই এলাকার মরহুম হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আব্দুর রবের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে উল্লেখিত আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।