পাবনায় বাড়ছে হ্যারাসমেন্ট: রাতে পিকআপে থাকা স্বামী-স্ত্রীকে গরু চোর সন্দেহে গণপিটুনি

শেয়ার করুন

তারেক খান: পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে নিজস্ব পিকআপ ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক স্বামী-স্ত্রীকে গরু চোর সন্দেহে আটক করে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা গরু চোর নন; নিজেদের পিকআপ ভ্যান বিকল হয়ে যাওয়ায় ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এ ঘটনায় আবারও পাবনায় গভীর রাতে চলাচলকারী নিরীহ মানুষকে সন্দেহের বশে হয়রানির অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ প্রকৃত সত্য যাচাইয়ের আগেই অনেক ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিদের আটক বা মারধরের মতো ঘটনা ঘটছে, যা ব্যক্তিস্বাধীনতা ও আইনের শাসন—উভয় ক্ষেত্রেই উদ্বেগের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি সম্পর্কে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে অবহিত করাই আইনসম্মত পথ।

পুলিশ হেফাজতে থাকা দুজন হলেন ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে গাড়িটি বিকল হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন।

পরে ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা কোনো গরু চুরির সঙ্গে জড়িত নন। নিজেদের পিকআপ ভ্যান বিকল হয়ে যাওয়ায় তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

(Visited 49 times, 4 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *