পাবনা পৌর এলাকার আরিফপুর পশ্চিমপাড়া মহল্লায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আরিফপুর পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী মুক্তার হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তার হোসেন তার বসতবাড়ির তৃতীয় তলার নির্মাণকাজ পরিচালনা করছেন। এ সময় দীর্ঘদিন ধরে এলাকার টনি, মোশারফ, শফিক, শিমুল ও জাহাঙ্গীর নামে কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে
অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা একটি মোটরসাইকেলসহ বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা-জানালা ও নির্মাণকাজ-সংক্রান্ত আশ্বাসপত্র ভাঙচুর করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মুক্তার হোসেনকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”