তারেক খান: পাবনা পৌর এলাকার মাসুম বাজারে গরুর মাংস বিক্রির সময় ক্রেতাদের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত হাড় ও চর্বি (তেল) দেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগকারী স্কুলশিক্ষক আব্দুল বারেক জানান, তিনি এক কেজি গরুর মাংস কিনতে গেলে প্রায় ৩০০ গ্রাম হাড় এবং গরুর পেটের চামড়া ও চর্বি দেওয়া হয়। তিনি এভাবে মাংস নিতে অস্বীকৃতি জানালে বিক্রেতার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও পরিস্থিতির সন্তোষজনক সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কসাই খালেক দাবি করেন, সরকারি নিয়ম অনুযায়ী মাংসের সঙ্গে ৩০০ গ্রাম হাড় ও ১০০ গ্রাম চর্বি দেওয়া হয়। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি নির্দেশনা বা লিখিত নীতিমালা দেখাতে পারেননি বলে অভিযোগকারী জানান।
স্থানীয় কয়েকজন ক্রেতার অভিযোগ, বাজারে অনেক ক্ষেত্রে কসাইয়ের ইচ্ছামতো হাড় ও চর্বির পরিমাণ নির্ধারণ করা হয়, ফলে প্রকৃত মাংসের পরিমাণ কমে যায় এবং ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
তারা আরও জানান, শুধু এখানেই না পাবনার অধিকাংশ বাজারেই একই অবস্থা। কসাইয়ের ইচ্ছামতো হাড় ও চর্বির পরিমাণ নির্ধারণ করা হয়, ফলে প্রকৃত মাংসের পরিমাণ কমে যায় এবং ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
ভোক্তাদের দাবি, গরুর মাংসের বর্তমান বাজারমূল্য প্রতি কেজি প্রায় ৮০০ টাকা হওয়ায় এ ধরনের অনিয়ম তাদের জন্য আরও কষ্টকর হয়ে উঠেছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।