তারেক খান: বর্তমান সময়ে যখন অনেক শিশুরা অবসর সময় কাটায় মোবাইল ফোনে টিকটক, রিলস কিংবা বিভিন্ন ভিডিও দেখে, ঠিক সেই বয়সেই ভিন্ন এক উদাহরণ তৈরি করেছে পাবনার ১০ বছর বয়সী শিশু সৈয়দা আয়েশা আসিফ।
পাবনা শহরের শিবরামপুর এলাকার এই ক্ষুদে প্রতিভা বর্তমানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সাল থেকেই সে একুশে টেলিভিশনের জনপ্রিয় শিশুতোষ সংবাদ অনুষ্ঠান মুক্ত খবর এর নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়মিত সংবাদ উপস্থাপনা করছে।
ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ এবং পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চা—সব মিলিয়ে নিজের বয়সী অনেক শিশুর কাছে অনুকরণীয় হয়ে উঠছে আয়েশা। সংবাদ উপস্থাপনার পাশাপাশি আবৃত্তি, চিত্রাঙ্কন এবং বই পড়া তার প্রিয় সখ।
বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সৈয়দ আসিফ রানার একমাত্র কন্যা আয়েশা প্রমাণ করেছে, প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম নয়, নিজের প্রতিভা বিকাশের ক্ষেত্রেও কাজে লাগানো যায়।
স্বপ্ন দেখার কোনো বয়স নেই। ইচ্ছাশক্তি, পরিবারের সহযোগিতা এবং নিয়মিত চর্চা থাকলে ছোট বয়সেও বড় মঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব। পাবনার ক্ষুদে সংবাদ উপস্থাপক সৈয়দা আয়েশা আসিফ সেই বার্তাই দিচ্ছে আজকের প্রজন্মকে।
হয়তো এভাবেই আরও অনেক শিশুর হাতে মোবাইলের পর্দার বদলে উঠে আসবে বই, মাইক্রোফোন, কিংবা নিজের স্বপ্নকে গড়ে তোলার নতুন কোনো মাধ্যম।